জাতীয়

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় রোধে মাঠে মোবাইল কোর্ট, বাড়ানো হচ্ছে নিরাপত্তা

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে মাঠে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। পাশাপাশি রাজধানীর বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ইতোমধ্যে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাজধানীর চারটি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাস টার্মিনালগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের হয়রানি ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। মো. সরওয়ার বলেন, “ঈদযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং যাত্রী হয়রানি ঠেকাতে এসব কার্যক্রম জোরদার করা হবে।” এ বিষয়ে গণপরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে যায়, তাই নগর নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল ও চেকপোস্ট বাড়ানো হবে। আবাসিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি জোরদার থাকবে।

ব্রিফিংয়ে নগরবাসীর জন্য কিছু সতর্কতামূলক পরামর্শও দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি বলেন, বাসা ত্যাগের আগে দরজা ও জানালা ঠিকভাবে বন্ধ করা উচিত। ঘরের ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেন তিনি।

ভ্রমণের সময় যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নগদ অর্থ নিজের হেফাজতে রাখা এবং যাত্রাপথে সতর্ক থাকার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। পুলিশের লক্ষ্য, ঈদের আনন্দ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel