বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন, আমি নিজেও একজন মুদি দোকানদার। এখান থেকে এক হালি ডিম কিনলাম মাত্র ২৮ টাকায়। বাজারে এই ডিম কিনতে লাগতো ৩৬ টাকা। এক হালি ডিমে আমার প্রায় ৮ টাকা লাভ হলো।
শান্তিনগর খলিলগঞ্জ গ্রামের মর্জিনা বেগম জানান, এমন বাজার আমার কাছে স্বপ্নের মতো। আমরা চাই এমন বাজার প্রতিদিন হোক। আমরা খুব খুশি।
কুড়িগ্রামের খলিলগঞ্জ বাজারের পাশে জেলা মহিলা বিষয়ক অফিস সংলগ্ন রাস্তার পাশে ছোট্ট একটি ঘর বানানো হয়েছে। ঘরের ভিতরে ১১ ফুট বাই ৩ ফুট একটি টেবিলের ওপর সাজানো ডিম, আলু, পিয়াজ, বেগুন, সিম, শশা, বরবটি, ধনেপাতাসহ আরও কয়েক প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য।
দোকানটির ডানে কিছু দূরে পৌরবাজার এবং বামে খলিলগঞ্জ বাজার থাকলেও এই বিনা লাভের দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।
কুড়িগ্রামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইটের উদ্যোগে ৯ মার্চ থেকে চালু হয়েছে এই বাজার। ফুলের কয়েকজন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে বিক্রেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বাজার খোলা থাকে।
সরেজমিনে বিনা লাভের দোকানটিতে গিয়ে দেখা যায়, ক্রেতারা ভিড় করে বিভিন্ন ধরনের পণ্য কিনছেন। আয়োজক প্রতিষ্ঠান ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক জানান, ৯ মার্চ বিনা লাভের বাজারের শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির, কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উপপরিচালক আব্দুল হালিম, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকার বাস্তবায়ন-মনিটরিং ও যুব সংগঠনের উপপরিচালক ফারিহা নিশাত, কুড়িগ্রাম সদর যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
কাঠমিস্ত্রি আলমগীর জানান, বাজারে জিনিসপত্রের যে দাম, বিনা লাভের বাজার আমাদের জন্য সুখবর।
কুড়িগ্রাম সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহা. হুমায়ুন কবির বলেন, ফুল সংগঠন সবসময় ভালো কাজ করে। তাই তো হানিফ সংকেতও ফুলের সঙ্গে থাকে। ফুলের আব্দুল কাদেরকে ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. আব্দুল মতিন জানান, এমন উদ্যোগে অংশ নিতে পেরে খুব ভালো লাগলো। ধন্যবাদ ফুলকে।
ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে রোজার আনন্দ ভাগাভাগি করতে আমরা এই বিনা লাভের বাজারের আয়োজন করেছি। সবার সহযোগিতা কামনা করছি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।