গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
সোমবার (১৬ মার্চ) সকালে গাইবান্ধা জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করেন।
যোগদান উপলক্ষে জেলা পরিষদ কার্যালয় চত্ত্বরে কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নেতাকর্মী, শুভানুধ্যায়ী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষজন তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়।
এরআগে রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে জেলা পরিষদ শাখা হতে তাঁকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রদান করা হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয় বলে জানা যায়।
নিয়োগপ্রাপ্ত নতুন জেলা পরিষদ প্রশাসক অধ্যপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের সৈয়দ মকবুলার রহমানের ছেলে।
দায়িত্বগ্রহণের পর ডা. সাদিক বলেন, ‘সরকার আমাকে গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। সকলের সহযোগিতায় জেলার উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল ও ত্বরান্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’
নতুন প্রশাসক যোগদানকে ঘিরে জেলা পরিষদ চত্ত্বর উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়ে জেলার উন্নয়ন ও কল্যাণে সফলতা কামনা করেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।