জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিমন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাজ শেষ করে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন লিমন হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘অসাবধানতাবশত কানে হেডফোন দিয়ে হাঁটার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।’
তিনি আরও জানান, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।