রাজশাহী

জয়পুরহাটে শত শত বিঘা জমির আলু পানির নিচে

গত দুদিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি তলিয়ে গেছে। জমি থেকে আলু তুলতে না পারায় সেগুলো পানিতে পচে যাচ্ছে। এতে কৃষকদের চোখে দেখা দিয়েছে কান্না। কেউ কেউ পানির নিচ থেকে আলু তোলার চেষ্টা করছেন। এমনিতেই আলুর দাম কম, তার ওপর জমি পানিতে তলিয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায় এই ক্ষতির পরিমাণ বেশি বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও কৃষি কর্মকর্তারা। পরিস্থিতি বেগতিক হওয়ায় জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের নেতৃত্বে স্বেচ্ছাসেবকেরা ওই এলাকার ড্রেন পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।

কৃষকেরা কেউ কেউ চড়া মূল্যে শ্রমিক নিয়েও কিংবা নিজের পরিবারের সদস্যদের নিয়ে আলু তোলার ব্যর্থ চেষ্টা করছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আকস্মিক বৃষ্টিতে ডুবে গেছে আলুর মাঠ। দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জমিতেই পচে যাচ্ছে আলু। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

এলাকার ড্রেনগুলো পরিষ্কারসহ ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন তারা। অধিক বৃষ্টিতে আলুর মাঠ ডুবে যাওয়ায় জেলা প্রশাসক নিজেই স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকার ড্রেনগুলো পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।

জেলা প্রশাসক জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ‘বিডি ক্লিন’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে ড্রেন পরিষ্কার করেছেন।

তিনি বলেন, এই এলাকার পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের ক্ষতি হচ্ছে। সরকারিভাবে কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করা হবে।

জয়পুরহাটে চলতি মৌসুমে ৩৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে কয়েকশ’ হেক্টর জমির আলু পানিতে ডুবে গেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel