জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আনা হয়েছে নতুন কাঠামো। সাধারণত তিন বা পাঁচ সদস্যের কমিটি হলেও এবার প্যানেলে রয়েছেন চার নির্বাচক। এর মূলে রয়েছে ভিন্ন পরিকল্পনা। দেশের ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চার জোনভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচকদের। প্রত্যেকে একটি করে অঞ্চলের দায়িত্বে থাকবেন এবং সেখানকার ক্রিকেট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
প্যানেলে প্রধান নির্বাচক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার সঙ্গে আছেন হাসিবুল হোসেন শান্ত, নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘প্রথাগত ধারার বাইরে গিয়ে এবার অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। সেই অনুযায়ী, হাবিবুল বাশার দেখবেন খুলনা ও বরিশাল বিভাগ। হাসিবুল হোসেন শান্ত থাকবেন সিলেট ও চট্টগ্রামের দায়িত্বে। নাঈম ইসলাম তদারকি করবেন রংপুর ও রাজশাহী বিভাগের। আর ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বে থাকবেন নাদিফ চৌধুরী।’ তবে দল নির্বাচনের ক্ষেত্রে সবার মতামত নেওয়া হলেও চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান নির্বাচক। আগামী
মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে নতুন প্যানেলের পথচলা। যদিও এই সিরিজের প্রস্তুতিতে সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর অবদান রয়েছে। নির্বাচকরা শুধু প্রথম বিভাগ বা লিস্ট ‘এ’ ক্রিকেটেই সীমাবদ্ধ থাকবেন না। অনূর্ধ্ব-২৩ দল এবং আঞ্চলিক একাডেমিগুলোর
দিকেও থাকবে তাদের নজর। তবে জুনিয়র পর্যায়ের দল নির্বাচন আগের মতোই জুনিয়র নির্বাচক প্যানেল পরিচালনা করবে।
বিসিবি এই প্যানেলের ওপর পূর্ণ আস্থা রাখছে। নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘নির্বাচকরা অভিজ্ঞ ও দক্ষ। তাদের কাজে অযথা হস্তক্ষেপের প্রয়োজন নেই। সাম্প্রতিক সময়ে টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক ও নির্বাচকদের সমন্বয়ে একটি স্বচ্ছ প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে।’
নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার ওমরাহ পালন করতে বুধবার সৌদি আরবে গেছেন। সেখান থেকে দেশে ফিরে ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।