খেলাধুলা

তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের নির্ধারণী ম্যাচে ১১ রানে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা দল ব্যবস্থাপনা এবং নির্বাচকদের কঠোর সমালোচনা করেছেন।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নেওয়া পাকিস্তান এবার ওয়ানডে সিরিজেও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও মাঠের খেলায় সেই পার্থক্য দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশ রয়েছে দশম স্থানে।

এই পরাজয়ের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক কামরান আকমল ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, ‘এটা এখন ক্রিকেট না, যেন একটি কমেডি সিরিয়াল। আমরা এখন এভাবেই ম্যাচ দেখি এবং উপভোগ করি। দল ব্যবস্থাপনা যদি তিন ম্যাচে ৩০ জন খেলোয়াড়ও খেলায়, ফল একই থাকবে।’

তিনি আরো বলেন, ‘তারা ফলাফলের ব্যাপারে চিন্তা করছে না, শুধু পরীক্ষা-নিরীক্ষা করছে। আজ তারা দশ নম্বর র‌্যাঙ্কিংয়ের দলের কাছে হেরেছে। এখন সমর্থকদের কী জবাব দেবে? ধীরে ধীরে ভক্তদের আগ্রহও কমে যাচ্ছে।’

সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে তোলে ২৯০ রান।

দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ হাসান তামিম, যিনি দারুণ স্ট্রোকপ্লেতে ইনিংসের ভিত্তি গড়ে দেন। এছাড়া লিটন দাস ৪১ রান এবং তাওহীদ হৃদয় ৪৮ রান করে দলকে শক্ত ভিত এনে দেন।

২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান লড়াই করলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি। সালমান আলী আঘা দারুণ একটি শতক করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করেন। এছাড়া সাদ মাসুদ ৩৮ ও শাহীন শাহ আফ্রিদি ৩৭ রান যোগ করেন।

তবে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত ১১ রানের জয় তুলে নিয়ে সিরিজও নিজেদের করে নেয় টাইগাররা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel