নীলফামারীর ডোমারে গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মজনু (৫০) নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই জনকে আটক করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে ডোমার পৌর শহরের ময়দান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
নিহত মজনু ডোমার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ময়দান পাড়া এলাকার মৃত তফির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে শুকনো একটি গাছ বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাই কাটতে গেলে প্রতিপক্ষ বেলাল হোসেনসহ তার পরিবারের লোকজন গাছ কাটতে বাধা দেয়। এনিয়ে বাগ্বিতণ্ডর এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে তিনজন আহত হন। স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে মজনুকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসমা বলেন, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। আনার আগেই মজনু নামের একজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনকে রংপুরে রেফার্ড করা হয়েছে।
নিহত মজনুর ভাজতি মিম বলেন, আমরা থানায় ও ট্রিপল নাইনে ফোন দিলেও পুলিশ দেরিতে আসে। তারা যদি ফোন পাওয়ার পর পরেই আসতো তাহলে হয়তো কেউ মারা যেতনা।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ হাবিব বলেন, সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এই ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।