গাইবান্ধা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে গাইবান্ধার পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
অভিযান কর্মসূচীতে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাখোয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা। বাসা-বাড়ীর আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে সে দিকে সুদৃষ্টি দেয়া প্রয়োজন। ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরী। সবাই মিলে সচেতন হলে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।