বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইফতার পার্টি পরিচালনাকারী আশিক রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নসরতপুর ইউপির দত্তবাড়িয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার রক্তদহ বিল এলাকায় কদমা গ্রামে একটি মাছের খামারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ইফতার পার্টি করে। সেই ইফতার পার্টি পরিচালনা করেন গ্রেপ্তার আশিক রহমান।
পুলিশ আরো জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিস্তল, ককটেল, পেট্রল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়।
এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছাত্রলীগ নেতা আশিক রহমানকে ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় করা মামলায় আশিক রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।