খেলাধুলা

বিসিবি নির্বাচন নিয়ে তামিমের অভিযোগ দায়ের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে বিতর্কের পালে নতুন করে হাওয়া দিলেন তামিম ইকবাল।

শুরু থেকেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এই নির্বাচন নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলেন তামিমসহ ঢাকার শীর্ষস্থানীয় ৫০টি ক্লাবের কর্মকর্তারা।

আজ রবিবার (৮ মার্চ) সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আমরা একটা আনুষ্ঠানিক অভিযোগই করতে এসেছি বলতে পারেন।

সবচেয়ে অবাক করার বিষয় হলো, ৭৬টি ক্লাবের মধ্যে ৫০টিই অভিযোগ করেছে যে এই নির্বাচনটা (বিসিবি নির্বাচন) সঠিকভাবে হয়নি। এতগুলো ক্লাব যদি একমত থাকে, তাহলে এটাই তো অনেক কিছু প্রমাণ করে দেয়।’

আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পরিষদকে অবৈধ দাবি করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘এটা তো সময় বলবে। আমরা সঠিক পথে আবেদন করেছি।

এগুলো সবই সেকেন্ডারি। ক্লাবগুলো একমত না বলেই লিগগুলো অনিশ্চিত হয়ে আছে। খেলা হচ্ছে না আমরা ভুলেই যাই। বোর্ডকে উত্তর দিতে হবে, কেন খেলা হচ্ছে না।’

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জয়ের পর বোর্ড গঠন করেন বুলবুলের প্যানেল। সেই নির্বাচনের আগে স্বচ্ছতার অভাবের অভিযোগ আনে তামিমের নেতৃত্বাধীন প্যানেল।

তাদের অভিযোগ ছিল, বুলবুলের প্যানেলকে জয়ী করতে কাজ করেছে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটি মহল। বেশ কিছু অভিযোগের পর শেষ পর্যন্ত নির্বাচন বয়কট করেন তামিমরা।

বিএনপি সরকার গঠন করার পর আলোচিত বিসিবি নির্বাচন নিয়ে নতুন করে সোচ্চার তামিম।

সর্বশেষ নির্বাচন বয়কট করা বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তাকে নিয়ে আজ দুপুরে এনএসসিতে হাজির হন সাবেক এই ওপনোর।
বিসিবি নির্বাচনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে এনএসসির নতুন সভাপতি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে চিঠি হস্তান্তর করেন তামিম।

এ সময় তার সঙ্গে ছিলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, রেদওয়ান বিন ফুয়াদ, লোকমান হোসেন ভূঁইয়া, দেবব্রত পালরা।

তামিমদের এই অভিযোগের পর বিসিবির বর্তমান কমিটির ভাগ্যে কী আছে, সেটাই এখন দেখার বিষয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel