বিশ্ব

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে।

হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।

মোট ১০১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও প্রতিটি প্রতিহত করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে।

এর আগে আগে বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী রণতরিটিতে হামলার দাবি করেন। তারা জানায়, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে হামলা চালানো হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া ‘প্রেস টিভি’ এমন খবর প্রকাশ করেছে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।

এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এসব হামলা এমন সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২৮ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যা এখন পর্যন্ত ১,৩৪০ এর বেশি প্রাণহানি ঘটিয়েছে। এতে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে সেসব স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত এবং অবকাঠামো ধ্বংস হয়েছে।

তেলের বিশ্ববাজারে চরম অস্থিরতা বিরাজ করছে ও বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel