উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে বহন করার জন্য সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্স সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১২টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এই সফরে মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান পরীক্ষায় জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকাকালে শনিবার সকালে পুনরায় তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানালেও অধিকতর উন্নত চিকিৎসার স্বার্থে তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে সিঙ্গাপুরের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।