জাতীয়

রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল, পানি উন্নয়ন বোর্ড কর্মচারীসহ ৫ জন গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল বের করায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel