রাজশাহীর তানোরে চাতালের আড়ালে অবৈধ তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন থানা প্রশাসন ও ফায়ার সার্ভিস।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে পৌর সদরের জিওল মোড়ে অবস্থিত গণির চাতালের ভিতরে তুলার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তার আগেই তুলার গুদাম পুড়ে ছাই হয়ে যায়। গুদামে শ্রমিকরা কাজ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে চাতালের ভিতরে কিভাবে তুলার গুদাম করা হল, এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
দীর্ঘ দিন ধরে সেখানে চাতালের ব্যবসা করে আসছে গণি। জনসাধারণ সেটিকে চাতাল হিসেবেই জানে। আবার ওই চাতালে সরকারি বরাদ্দও দেওয়া হয়।
প্রতি মৌসুমে বরাদ্দ দেওয়া হয় বলে নিশ্চিত করেছে একটি সূত্র। তাহলে কি অবৈধভাবে চাতালের আড়ালে তুলার ব্যবসা করতেন গণি? আবার তুলার গুদামে সরকারিভাবে চাল সংগ্রহের বরাদ্দ কিভাবে হয় এমন প্রশ্নও জনমনে উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল প্রায় ১১টার দিকে তুলার গুদামে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ও শ্রমিকরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে এক ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই গুদামে থাকা তুলাসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, শ্রমিকরা তুলার গুদামে কাজ করেন এবং সেখানেই থাকেন। ধারণা করা হচ্ছে, সিগারেট বা তুলার গুদামের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মালিক আব্দুল গণিকে ঘটনাস্থলে না পেয়ে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
সরেজমিনে দেখা যায়, পৌর সদরের আমশো মেডিকেল মোড়ের দক্ষিণে ও জিওল মোড়ের উত্তরে অবস্থিত গণির চাতাল। চাতালের পূর্ব দিকে মূল সড়ক, দক্ষিণে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা, আর উত্তরে বাঁশঝাড় ও স্যানিটেশন কারখানা।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রবকে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, তিনি শহরে আছেন। আগেও কয়েকবার আগুনের বিষয়ে তথ্য চাইলে তিনি একই উত্তর দেন। তিনি সাব-স্টেশন অফিসার রফিকুলের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সাব-স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তুলার গুদামের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চাতাল তুলার গুদাম কিভাবে হল এবং ফায়ার সার্ভিসের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, চাতালের পূর্ব দিকে তুলার গুদাম রয়েছে; অনুমতি আছে কিনা কাগজপত্র দেখে নিশ্চিত হতে হবে। ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, এখনো তা নির্ধারণ করা যায়নি; পরে জানানো হবে।
তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।