জাতীয়

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে শিক্ষার্থীদের ভর্তির জন্য আবারও পরীক্ষার ব্যবস্থা চালু করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

তিনি বলেন, “বছরের শুরুতে যে ভর্তি প্রক্রিয়া হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিচ্ছি, যেন সবাই প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। আমরা লটারি সিস্টেম প্রত্যাহার করেছি।”

শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়ে জানান, সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষা নেওয়া হতে পারে। গত এক মাস ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

ভর্তি পরীক্ষার কারণে কোচিং বা নোট-গাইডের ব্যবসা বাড়বে—এমন আশঙ্কা তিনি নাকচ করেন। প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ‘প্রাথমিক পর্যায়ের’ পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “শিশুদের আমরা ক্লাস ওয়ানে নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না। বিষয়টি সহজ পর্যায়েরই থাকবে।”

তিনি আরও বলেন, কোনো শিক্ষা ব্যবস্থায় ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি থাকা উচিত নয়।

এর আগে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হলেও কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু করা হয়। চলতি বছরও প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছিল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel