লালমনিরহাট জেলা শহরের পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট জেলা কার্যালয় উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযান চলাকালীন দেখা যায়, শহরের বেশ কিছু স্থানে ভবন নির্মাণ, সংস্কার এবং রাস্তা মেরামত কার্যক্রম যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছিল। বিশেষ করে নির্মাণ সামগ্রী যেমন, বালু, সিমেন্ট ও খোয়া খোলা অবস্থায় রাখা এবং নিয়মিত পানি না ছিটানোর ফলে সংশ্লিষ্ট এলাকায় তীব্র বায়ুদূষণের সৃষ্টি হয়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
এই অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবনের মালিক ও দায়িত্বরত ব্যক্তিদের সতর্ক করা হয় এবং কয়েকজনকে প্রশাসনিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভবিষ্যতে নির্মাণ কাজ পরিচালনার সময় অবশ্যই নেট দিয়ে এলাকা ঢেকে রাখা এবং নিয়মিত পানি ছিটানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, লালমনিরহাট কার্যালয়ের দায়িত্বে থাকা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, শহরের বায়ু মান রক্ষা এবং ধুলোবালি নিয়ন্ত্রণ করতে আমাদের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। বায়ুদূষণকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।