রংপুর বিভাগ

সৌদির উপহারের খেজুর থেকে বঞ্চিত রংপুর সিটির হতদরিদ্ররা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টন খেজুর দেশের প্রতিটি জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ এর দেওয়া এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। সেই বরাদ্দে রংপুর জেলা হিসেবে ২০১ কেজি খেজুর বরাদ্দ পেয়েছেন। তবে বরাদ্দের তালিকায় বঞ্চিত হয়েছেন রংপুর সিটি করপোরেশন এলাকার হতদরিদ্ররা। জেলার ৮ উপজেলায় বরাদ্দ থাকলেও বরাদ্দ নেই সিটি করপোরেশনের জন্য।

বুধবার (১১ মার্চ) দুপুরে সিটি করপোরেশনে বরাদ্দ নেই বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া। তিনি জানান, জেলার জন্য বরাদ্দ করা খেজুর জেলা প্রশাসকের নির্দেশে প্রতিটি উপজেলার জন্য ইউএনও বরাবর পাঠানো হয়েছে। ইউএনও এর মাধ্যমে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হবে। জেলা প্রশাসক নিজে মাদরাসা ও এতিমখানায় বিতরণ করবেন।

এদিকে, রংপুর জেলার ৮ উপজেলা খেজুর বরাদ্দ পেলেও সিটি করপোরেশন খেজুর বরাদ্দ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হতদরিদ্ররা। অনেকের বক্তব্য রংপুর সিটির মধ্যে কি শুধু ধনীরা বসবাস করে। এখানে কি দরিদ্র-হতদরিদ্ররা কি বসবাস করে না। যদি দরিদ্র-হতদরিদ্ররা বাস করে তাহলে তারা কেন বরাদ্দ পাবে না। তাছাড়া সিটির মধেও তো অনেক মাদ্রাসা, এতিম খানা রয়েছে। তাদেরও তো হক রয়েছে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন জেলার সভাপতি ফখরুল আনাম বেঞ্জু জানান, খেজুর আসার বিষয়টি খুবই ভালো উদ্যোগ। তবে উদ্যোগটির আরো পরিসর বড় হলে ভালো হতো। তবে জেলার অন্যান্য উপজেলায় বরাদ্দ হলে সিটির মধ্যেও বরাদ্দ হওয়া উচিত।

রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, খেজুর দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। আমাদের আলাদা করে কিংবা নির্দিষ্ট করে সিটি করপোরেশন এলাকার জন্য খেজুর পাঠানো হয়নি। আমরা কোনো খেজুর পাইনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel