দিনাজপুর সংবাদদাতাঃ পবিত্র ঈদুল ফিতর এর আগমুহূর্তে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভি ডাবলু বি (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট দুই হাজার চল্লিশ টি পরিবারকে সল্পমূল্যে ৩০ কেজি হারে চাল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভি ডাবলু বি কর্মসূচির আওতায় হাকিমপুর উপজেলার জন্য মোট ৬১.২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী প্রতিটি ভি ডাবলু বি কার্ডধারী পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বরাদ্দ অনুযায়ী উপজেলার ৩টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে খট্রামাধব পাড়া ইউনিয়নে ৬১৫ টি কার্ডের বিপরীতে ১৮.৪৫০ মেট্রিক টন, বোয়ালদাড় ইউনিয়নে ৭২৭ টি কার্ডের বিপরীতে ২১.৮১০ মেট্রিক টন, আলীহাট ইউনিয়নে ৬৯৮ টি কার্ডের বিপরীতে ২০.৯৪০মেট্রিক টন, চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডিও) ইস্যু করা হয়। পরে তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে অনুমোদিত অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ শেষে মাষ্টার রোল ও বিতরণ প্রতিবেদন ৩ দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, “ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে।”
তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।