রংপুর বিভাগ

রংপুরে বাড়ছে ভোটার নির্বাচনের প্রস্তুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের আট জেলার ভোটার কাঠামো ও নির্বাচন ব্যবস্থাপনায় এসেছে ব্যাপক পরিবর্তন। শুধু ভোটার সংখ্যাই নয়- বাড়ানো হয়েছে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা, বেড়েছে নারী ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটারের অংশগ্রহণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস পুরো বিভাগজুড়ে নতুন প্রক্রিয়া ও সমন্বয় জোরদার করেছে।

রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভাগে মোট ভোটার ছিল ১ কোটি ৩২ লাখ ৯৯ হাজার ৪৫১ জন।

চলতি নির্বাচনের আগে নতুন করে তালিকাভুক্ত হয়েছেন আরো ৭ লাখ ৭ হাজার ৩৫৮ জন। ফলে এবারের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪০ লাখ ৬ হাজার ৮০৯ জনে।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬৯ লাখ ৮৫ হাজার ৭১২ জন এবং মহিলা ভোটার ৭০ লাখ ২০ হাজার ৯৬৫ জন। নারী ভোটারের সংখ্যা এবার সামান্য এগিয়ে গেছে, যা নির্বাচনী পরিবেশকে আরো ভারসাম্যপূর্ণ করেছে।

নির্বাচন কর্মকর্তারা বলছেন, নারীদের তথ্য সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র প্রদান ও হালনাগাদ কার্যক্রমে বিশেষ উদ্যোগ নেওয়ায় এমন অগ্রগতি লক্ষ করা গেছে।
এবার তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাও বেড়েছে। দ্বাদশ নির্বাচনে এ বিভাগের আট জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯৮ জন। নতুন করে আরো ৩৪ জন তালিকাভুক্ত হওয়ায় সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

নির্বাচন কর্মকর্তারা মনে করেন, সামাজিক সচেতনতা, ভোটার নিবন্ধনে তৃতীয় লিঙ্গের মানুষের আগ্রহ এবং মাঠ পর্যায়ে প্রশাসনের ইতিবাচক মনোভাব—এসব কারণে অংশগ্রহণ বেড়েছে। তাদের ভাষায়, এবারের নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ভোটকেন্দ্রেও এসেছে পরিবর্তন। গত নির্বাচনে বিভাগজুড়ে ভোটকেন্দ্র ছিল ৪ হাজার ৬৬৮টি। এবার নতুন করে আরো ৮৪টি কেন্দ্র যুক্ত করা হয়েছে।

মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৫২টিতে। ভোটকেন্দ্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটকক্ষও বাড়ানো হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং দীর্ঘ লাইনের ভোগান্তিতেও কম পড়ে। নির্বাচন কমিশন জানায়, ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা ও পরিবেশ বিবেচনায় সংশোধন করা হয়েছে পুরনো তালিকা। বিশেষ করে প্রত্যন্ত ও চরাঞ্চলে নতুন কেন্দ্র বাড়ানোর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে।

রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে এবার ১ কোটি ৪০ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলার হিসেবে ভোটার সংখ্যা হলো—পঞ্চগড় ৮ লাখ ৭১ হাজার ৫২৫ জন, ঠাকুরগাঁও ১২ লাখ ১ হাজার ৪৭৩ জন, দিনাজপুর ২৬ লাখ ৪৬ হাজার ৯৮২ জন, নীলফামারী ১৫ লাখ ৭৩ হাজার ৩৬ জন, লালমনিরহাট ১১ লাখ ২৮ হাজার ৫৫০ জন, রংপুর ২৫ লাখ ৭৩ হাজার ৭৪ জন, কুড়িগ্রাম ১৮ লাখ ৭৬ হাজার ৫৫৫ জন এবং গাইবান্ধায় ২১ লাখ ৩৫ হাজার ৫৮৭ জন।

নির্বাচনী পরিবেশকে আরো অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং সুশৃঙ্খল করতে নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে—রংপুর বিভাগের সামগ্রিক প্রস্তুতি তা সফল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সচেতনতা কর্মসূচিও পরিচালিত হচ্ছে বিভাগজুড়ে।

নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং নির্বাচন অফিসগুলোও প্রস্তুতি জোরদার করেছে। ভোটার তালিকার তথ্য যাচাই, কেন্দ্র পর্যবেক্ষণ থেকে শুরু করে কর্মকর্তাদের প্রশিক্ষণ—সব কার্যক্রম চলমান রয়েছে। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় এবার আরো দ্রুত ফলাফল সংগ্রহের লক্ষ্যও নির্ধারণ করেছে কমিশন।

রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব প্রস্তুতি গ্রহণ করছি। ভোটার সংখ্যা বাড়ায় কেন্দ্র ও ভোটকক্ষও সমন্বয় করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুসারেই সব কার্যক্রম পরিচালিত হবে। ভোটারদের নির্বিঘ্ন, শান্তিপূর্ণ পরিবেশ দিতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel