খেলাধুলা

পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

পাকিস্তান সিরিজ দিয়ে তিন মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে রিজওয়ান-শাহিনদের বিপক্ষে সিরিজ জেতাটা বেশ গুরুত্বপূর্ণ মিরাজ, লিটন, শান্তদের জন্য। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭ সালের মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। যদিও বিশ্বকাপ কোয়ালিফায়ার নিয়ে এখনই খুব একটা চিন্তিত নন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। মাঠে যে ক্রিকেটারটা সেরাটা দিতে পারে, সেটাই তার প্রতাশ্যা।

সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায়ার নিয়ে কোচ সিমন্স বলেন, ‘র‍্যাংকিংয়ে তো উত্থান অবশ্যই চাই। শুধু ওয়ানডে বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপের জন্যই না। এমনিতেও সবাই চায় র‍্যাংকিংয়ে আরও ওপরে উঠতে। এজন্য ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা বিশ্বকাপে কোয়ালিফাইয়ের দিকে মনোযোগ না দিয়ে ভালো খেলার দিকে মনোযোগ দিচ্ছি। কয়েক বছর আগেও ওয়ানডেতে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। সাকিবের মতো অভিজ্ঞ অনেকে এখন দলে নেই। আমরা ছেলেদের নিয়ে কাজ করছি। আমাদের মেধা অনুযায়ী খেলার চেষ্টা করছি। সময় এলে কোয়ালিফিকেশন নিয়ে ভাববো। তবে তার আগে ভালো খেলতে হবে।’

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিল। ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। সেই সিরিজের উইকেটের চেয়ে বর্তমান উইকেট অনেক ভালো দেখাচ্ছে বলে জানিয়েছেন টাইগার কোচ। ফলে এই সিরিজ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনি। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের শেষটা ভালো হয়েছিল। উইকেট ঐ সিরিজের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে। এখন আসল বিষয় হলো উন্নতি। আমাদের কিছু বিষয় ঠিক করতে হবে। বিশেষ করে মিডল ওভারে উন্নতির জায়গা আছে। কারণ সেখানে তেমন ভালো করছি না। বোলাররাও মিডলে বেশি উইকেট নিতে পারছে না। এই দুই জায়গায় আমাদের ফোকাস রাখতে হবে।’

যদিও পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজটা সুখকর ছিল না বাংলাদেশের জন্য। লাহোরে অনুষ্ঠিত হওয়া সেই সিরিজে স্বাগতিকদের কাছে ধবলধোলাই হয়েছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ঢাকায় সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া টাইগাররা। সিমন্স বলেন, ‘ওরা তো চাইবেই না আবারও ৩-০ ব্যবধানে জিততে। আর এবার উইকেটও ভালো। আমরা ভালো শুরুর জন্য মুখিয়ে আছি। এই সিরিজ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হবে আমাদের।’

এছাড়াও দেশের ক্রিকেট মহলে গুঞ্জন ছিল, পাকিস্তান সিরিজ দিয়ে আবারও দেশের জার্সি গায়ে প্রত্যাবর্তনের গল্প লিখবেন সাকিব, তবে আইনি জটিলতায় পাকিস্তান সিরিজ দিয়ে ফেরা হচ্ছে না সাবেক অধিনায়কের। সাকিবের ফেরার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি না-এই বিষয়ে সিমন্স বলেন, ‘আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি (সাকিব আল হাসানের ফেরা নিয়ে)। এ ব্যাপারে আমার কাছে বাড়তি কোনো তথ্য নেই।’

২০২৭ বিশ্বকাপের কন্ডিশন বিবেচনায় নিয়ে নতুন করে পরিকল্পনার কথা জানালেন সিমন্স। বলেন, ‘আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিন জন ফাস্ট বোলার নিয়ে খেলার। কারণ আপনি ঠিকই বলেছেন, বিশ্বকাপ সাউথ আফ্রিকায় এবং সেখানে আমাদের পেসারদের ওপরই নির্ভর করতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো আমাদের তিন জন স্পিনার খেলতে পারেন কিন্তু পরিস্থিতি এমন হবে না যে একজন স্পিনার মাত্র ২ ওভার বোলিং করবেন। আপনি যেখানে খেলতে যাচ্ছেন, সেখানকার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। তাই তিন জন পেসার খেলানোই এখন আমাদের মূল লক্ষ্য থাকবে।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel