রাজশাহী

নাটোরে চুরি হওয়া শিশু ১২ ঘণ্টা পর উদ্ধার

নাটোরের লালপুর থেকে চুরি হওয়ার ১২ ঘণ্টা পর নিঝুম নামে ১ মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার লক্ষণবাড়ি থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার নবীনগর গ্রামের জালাল উদ্দিনের বাড়ি থেকে শিশুটি চুরি হয়।

উদ্ধার হওয়া শিশুটি উপজেলার নবীনগর গ্রামের মোছা. বিজলী বেগম ও ভ্যানচালক লালু সরদারের কন্যা সন্তান।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে ১৫ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরী জালাল উদ্দিনের বাড়িতে এসে আশ্রয় চায়। মানবিক কারণে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে থাকতে দেন। সন্ধ্যার আগে সবার আড়ালে ওই কিশোরী ঘরে থাকা ১ মাস বয়সী নবজাতক কন্যা শিশুকে নিয়ে পালিয়ে যায়।

পরে শিশুটির পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে কোনো সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানান। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ শিশু উদ্ধারে কাজ শুরু করে। রোববার সকালে চোরচক্রটি উপজেলার লক্ষণবাড়ি এলাকায় শিশুকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটির কান্নার শব্দ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে শিশুটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঢাকা মেইলকে বলেন, শিশুটি চুরি হওয়ার পরই থানায় মামলা দায়ের করা হয়। এবং শিশু উদ্ধারে এলাকার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ। রাতভর শিশু উদ্ধারে পুলিশ কাজ করে। সকালে শিশুটি উদ্ধার করা হলেও অপরাধীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel