গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপজেলা কার্যালয়ের নিজস্ব হলরুমে সাধারণ সভায় কেন্দ্রীয় সমিতির আওতায় সকল প্রাথমিক সমিতি সমূহের বৈধ প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী কৃষি সমবায় সমিতি (কেএসএস) লিমিটেডের সভাপতি মোছা. উম্মেহানী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মো. আব্দুল মান্নান। উপজেলা এলাকার সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম, মো. ফরিজার রহমান ও মো. আব্দুস সালাম সরকার প্রমুখ।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, ২০২৪-২০২৫ অর্থ বছরের কার্যকরী কমিটির সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, জমা ও খরচ, অডিট প্রতিবেদন পাঠ ও অনুমোদন, খসড়া বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ খেলাপী ঝণ আদায় এবং অচল সমিতি সচলকরণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, সমবায়ীদের শেয়ার-সঞ্চয় দ্বারা গঠিত স্থায়ী আমানতের সুদের অংশ বন্টন এবং অংশবিশেষ হতে ইউসিসিএ লিমিটেডের কর্মচারীদের বেতন ভাতা, কর্জ পরিশোধ ও বিভিন্ন ব্যয় নির্বাহ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ও গ্র্যাচুইটি তহবিলে কর্মচারীদের গ্র্যাচুইটি প্রদান প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিগত বার্ষিক হিসাব-নিকেশের আয়-ব্যয় ছাড়াও বিশদ তথ্য বিবরণী উপস্থাপনসহ সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পল্লী উন্নয়ন বোর্ড উপজেলা কার্যলয়ের জুনিয়র অফিসার (হিসাব) মো. ফিরোজ কবীর।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।