রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের প্রশাসক দপ্তর কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ.ন.ম বজলুর রশীদ।
দুপুরে নগর ভবনে নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। একই সময় বিদায়ী প্রশাসককেও ফুলেল শুভেচ্ছায় বিদায় জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা যথাযথভাবে পালন করব। নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হবে। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে নাগরিকদের ভোগান্তি দূর করা হবে।’
তিনি আরও বলেন, ‘সিটি কর্পোরেশনকে একটি কার্যকর সিটি কর্পোরেশনে পরিণত করতে চাই। এ কাজে আমি নগরবাসী এবং সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।’
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
এর আগে দুপুর ১২টায় হযরত শাহ মখদুম রুপোশ (রহ.)-এর মাজার জিয়ারত করেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এরপর নবনিযুক্ত প্রশাসক ১৫ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে যোগদান করেন। মাহফুজুর রহমান রিটন বর্তমানে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।