ফিফা র্যাংকিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩। বাংলাদেশ ১৮১। কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চেয়েছিল। সামনে ভিয়েতনাম। প্রীতি ম্যাচে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটিকে পেয়ে ভীত নন জামাল ভূঁইয়ারা।
আজ হ্যানয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চোখে চোখ রেখে সমান তালে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। এশিয়ান কাপ বাছাইয়ে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় হাভিয়ের কাবরেরার দল। বুধবার হ্যানয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। তার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলাও গুরুত্বপূর্ণ।
তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেললে আত্মবিশ্বাস বাড়বে।’ ভিয়েতনাম দলে প্রবাসী ফুটবলার আছেন। এ নিয়ে সতর্ক স্প্যানিশ কোচ বলেন, ‘দুজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড় রয়েছে ভিয়েতনাম দলে। অনেক শক্তিশালী দল ওরা। আশা করি, বাংলাদেশ তাদের সেরা খেলাটা খেলবে।’
কোচ বলেন, ‘হামজা মাত্র কাল এসেছে। সে ভালো আছে। তবে আবহাওয়া ও সময়ের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। সে খেলবে কি না, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’ অধিনায়ক জামাল ভূঁইয়া লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কঠিন ম্যাচ। তবে বাংলাদেশ দল উন্নতি করছে। আমাদের বিশ্বাস, আমরা ভিয়েতনামের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতে পারব।’
এদিকে ভিয়েতনাম কোচ কিম সাং-সিক বাংলাদেশ দল নিয়ে চিন্তিত। একটাই কারণ, হামজা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি। তার শক্তির মোকাবিলা করার উপায় বের করব। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।