আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারছেন না ভারতের বাঁহাতি পেসার জশ দয়াল। ধর্ষণের মতো গুরুতর অভিযোগ থাকায় তাকে খেলাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মো বোব্যাট।
আইপিএল শুরুর আগে রিটেনশন তালিকা ঘোষণার সময় দয়ালকে আরসিবির রেখে দেয়া নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। নতুন মৌসুমের প্রস্তুতি ক্যাম্পে তাকে না দেখা যাওয়ায় জল্পনা বাড়ে। শেষ পর্যন্ত জানা গেছে, ‘ব্যক্তিগত পরিস্থিতি’র কারণে তিনি এ বছর দলে খেলবেন না।
বেঙ্গালুরুর পরিচালক মো বোবাট বলেন, ‘দয়াল বর্তমানে একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা শুরু থেকেই তাকে সমর্থন করে আসছি, এবং সেই কারণেই রিটেনশনের সময় আমরা তাকে দলে রেখেছিলাম। তিনি এখনো আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এবং আপাতত সেটি বহাল থাকবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখছি। আজও তার সঙ্গে কথা হয়েছে। তবে এই মুহূর্তে তার এবং দলের স্বার্থে আমাদের সঙ্গে তার যোগ না দেওয়াই সঠিক সিদ্ধান্ত বলে মনে করা হয়েছে।’
মূলত এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ পাঁচ বছর শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ উঠেছে জশ দয়ালের বিরুদ্ধে। এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তার গ্রেপ্তারের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। জয়পুরের পকসো আদালত গত ডিসেম্বরে তার আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। অভিযোগ রয়েছে, ২০২৫ আইপিএল চলাকালীন একটি হোটেলেও এই ধরনের ঘটনা ঘটেছিল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।