জাতীয়

ট্রেনের ছাদে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

ঈদুল ফিতরের ছুটি শেষ। আজ শেষ হচ্ছে স্বাধীনতা দিবসের ছুটিও। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে আগামী রবিবার থেকে অফিস শুরু হওয়ায় কর্মস্থলে ফিরতে ঢাকামুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। তবে বাস ও ট্রেনের টিকিট সংকটে বাধ্য হয়ে তীব্র গরম উপেক্ষা করে ট্রেনের ছাদে যাত্রা করছেন অনেক যাত্রী।

দিনাজপুর রেলস্টেশনে দেখা যায়, ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের সিটের তুলনায় যাত্রী সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকে কাঠফাটা রোদে উত্তপ্ত ছাদে বসে ঢাকা যাচ্ছেন। আবার অনেক যাত্রী বগির ভেতর অতিরিক্ত ভিড় ও গরম সহ্য করতে না পেরে ছাদে উঠে যাচ্ছেন।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছায়।

বৃহস্পতিবার ট্রেনটি ১৫ মিনিট বিরতির পর ২টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে দিনাজপুরে পৌঁছানোর আগেই ট্রেনটির ছাদে জায়গা শেষ হয়ে যায় বলে জানিয়েছেন যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন, কমলাপুর পৌঁছানোর আগে ছাদেও তিলধারণের জায়গা থাকবে না।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকে টিকিট না পেয়ে বাধ্য হয়েই ট্রেনের ছাদে উঠেছেন।

আবার কেউ স্ট্যান্ডিং টিকিট নিয়েও ভিড় ও গরমের কারণে বগির ভেতর থাকতে না পেরে ছাদে আশ্রয় নিয়েছেন। কেউ কেউ ভিড়ের কারণে বগিতে উঠতে না পেরে ছাদে উঠেছেন। সবার একই কথা যেকোনো উপায়ে রবিবারের মধ্যে কর্মস্থলে পৌঁছাতেই হবে।

পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে ছাদে উঠে আসা যাত্রী মিলন রহমান ও সাজু জানান, গত দুই দিন ধরে প্রচণ্ড রোদে ট্রেনের ছাদ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সেখানে রুটি ভাজা যাবে। তাদের ১১ থেকে ১২ ঘণ্টা এই ছাদেই থাকতে হবে।

রাতে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন তারা।
অন্যদিকে, দিনাজপুর স্টেশন থেকে ছাদে ওঠা যাত্রী আব্দুস সামাদ বলেন, টিকিট কেটেও ভেতরের অতিরিক্ত ভিড় ও গরমের কারণে ছাদে উঠেছি।

দিনাজপুর স্টেশন সুপার এ বি এম জিয়াউর রহমান জানান, সরকার ঈদে দীর্ঘ ছুটি দিয়েছিল, যাতে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ ছুটির শেষদিকে ফিরতে চাওয়ায় চাপ বেড়ে গেছে।

তিনি জানান, অতিরিক্ত বগি সংযোজন করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। ঈদের পর কয়েকদিন ট্রেন ফাঁকা থাকলেও এখন আসনের দ্বিগুণ যাত্রী যাতায়াত করছে। তীব্র গরমে ছাদে ভ্রমণের বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও তা ঠেকানো যাচ্ছে না।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel