হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি: দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষির কোনো বিকল্প নেই। তাই কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মন্ত্রী তাঁর বক্তব্যে কৃষকদের জন্য একটি বড় ঘোষণা দিয়ে বলেন, কৃষক ভাইদের সুবিধার কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শীঘ্রই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি ন্যায্যমূল্যে সার, বীজ ও প্রয়োজনীয় কীটনাশক সংগ্রহ করতে পারবেন।” তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিতরণ করা হয় আউশ ধান চাষে ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার। পাট চাষে ২০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি এবং ৫ কেজি ডিএপি সার।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, কৃষকদের সময়মতো উন্নত উপকরণ পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে ফলন বৃদ্ধিতে কৃষি অফিস সবসময় প্রতিশ্রুতিবদ্ধ৷
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।