হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি শেষে আজ শনিবার (২৮ মার্চ) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত রয়েছে। ভারতীয় হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট (অ্যাডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আজ আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।
সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, দীর্ঘ বিরতি কাটিয়ে আজ সকাল থেকেই বন্দরে কর্মচাঞ্চল্য ফেরার সব প্রস্তুতি ছিল। তবে ওপার থেকে ভারতীয় কাস্টমস কর্মকর্তার মৃত্যুর খবর আসার পর কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানিয়ে দুই দেশের ব্যবসায়ীরা আজ স্বেচ্ছায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখেন। ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও একদিন পিছিয়ে গেল।
এ বিষয়ে হিলি স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন জানান, ভারতীয় কাস্টমস কর্মকর্তা মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে আজ শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল রবিবার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় পুরোদমে বন্দরের সকল বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, বাণিজ্য কার্যক্রম স্থগিত থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। হিলি কাস্টমস ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুজ্জামান আরিফ জানান, কাস্টমস কর্মকর্তার প্রয়াণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।