রাজশাহীতে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী মহানগর যুবদল। রবিবার (২৪ মে) সকালে সংগঠনটির মহানগর সদস্য সচিব রফিকুল ইসলাম রবি স্বাক্ষরিত স্মারকলিপিতে রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যখাতে বিদ্যমান নানা অনিয়ম, দুর্ভোগ ও জনভোগান্তির বিষয় তুলে ধরা হয়।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে স্বাস্থ্যসেবা খাতে নানা ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। সরকার ঘোষিত মানসম্মত ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে– বেসরকারি চিকিৎসা সেবায় ডাক্তারদের পরামর্শ ফি সহনীয় পর্যায়ে নির্ধারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিয়ম ও দালালচক্র দমনে নিয়মিত অভিযান পরিচালনা এবং অনুমোদিত প্রতিষ্ঠানে অপারেশন ও প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা।
এ ছাড়াও হাম, রুবেলা ও জলাতঙ্কের টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা, রাজশাহী শিশু হাসপাতালের কার্যক্রম দ্রুত চালু করা এবং আসন্ন বর্ষা মৌসুমে অ্যান্টি ভেনমের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, এসব দাবি বাস্তবায়নের মাধ্যমে রাজশাহীর স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, ‘স্মারকলিপিতে যে বিষয়গুলো উল্লেখ করা রয়েছে সেগুলো যৌক্তিক দাবি। স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়ে যেগুলো আমাদের মধ্যে সমাধানযোগ্য সেগুলো আমরা করব এবং যেগুলো আমাদের মধ্যে সমাধানযোগ্য নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।