দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বইগুলোর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি গ্রন্থও রয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা এক নির্দেশনায় অধীনস্থ দপ্তরপ্রধানদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা বাস্তবায়নের জন্য চিঠি পাঠিয়েছে।
নির্দেশনায় অন্তর্ভুক্ত তিনটি বই হলো—প্রয়াত গবেষক ও সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী ও বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা সবার আগে বাংলাদেশ। বই তিনটির সম্মিলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭০০ টাকা।
ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, বইগুলো হাসপাতালের লাইব্রেরিতে রাখার উদ্যোগটি আসে প্রকাশনা সংস্থা ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষ থেকে করা একটি আবেদনের পর। সংস্থাটির পক্ষে জহির দীপ্তি গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে আবেদন জমা দেন। সেখানে বইগুলোকে দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে মেডিকেল লাইব্রেরিতে সংরক্ষণের অনুরোধ জানানো হয়।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিমন্ত্রী ওই আবেদনে সুপারিশ করার পর স্বাস্থ্যসেবা বিভাগ দপ্তরপ্রধানদের নির্দেশনা দেয়। প্রকাশনা সংস্থার দাবি ছিল, চিকিৎসক, নার্স, শিক্ষার্থী এবং হাসপাতালে সেবা নিতে আসা পাঠকদের জন্য বইগুলো উপকারী হবে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও একই তিনটি বই রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে নির্দেশনা দিলেও ব্যাপক আলোচনার পর ৬ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তা বাতিল করে।
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে লেখা বই সংগ্রহের নির্দেশ দেওয়ার নজির অতীতেও রয়েছে। ইত্তেফাকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলোতে শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশু একাডেমি প্রকাশিত ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল। ২০১৪ সালেও শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তিনটি বই কেনার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।