সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে আগে থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা। ঘটনার বিস্তারিত তথ্য জানতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কনস্যুলেটের সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। খবর প্রকাশের পর বিষয়টি কনস্যুলেটের নজরে আসে। এরপর গত বৃহস্পতিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়ে ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য জানায়। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মক্কার একটি মসজিদে ‘অনৈতিক ও অশালীন’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি নিরাপত্তাবাহিনী তাঁদের গ্রেপ্তার করেছিল।
তবে ওই দুই বাংলাদেশির গ্রেপ্তার, বিচারপ্রক্রিয়া এবং তাঁরা আইনি সহায়তা পেয়েছিলেন কি না—এসব বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট এখনো বিস্তারিত তথ্য পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।