ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগমুহূর্তে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলের চোট কাটিয়ে উঠতে না পারায় প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস।
বুধবার (২৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসের পর বাংলাদেশের একাদশে মুশফিকের না থাকার বিষয়টি নিশ্চিত হয়।
এর আগে টসের আগে অনুশীলনে জাকের আলীকে উইকেটকিপিং করতে দেখে লিটন দাসের খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে টসের পর জানা যায়, চোট কাটিয়ে প্রথম টেস্টে খেলছেন লিটন। কিন্তু মুশফিকের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরের একাডেমি মাঠে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনিতে বলের আঘাত পান মুশফিক। ব্যথায় সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন তিনি। প্রায় আধা ঘণ্টা শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। এরপর আর ব্যাটিং অনুশীলনে অংশ নেননি।
চোটের পর এক্স-রে পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা ধরা না পড়ায় মুশফিকের খেলার সম্ভাবনা ছিল। তবে বুধবার সকাল পর্যন্ত আঙুলের অবস্থার প্রত্যাশিত উন্নতি না হওয়ায় তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট।
এ বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।’
আগামী ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী চোট সেরে উঠলে সেই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।