ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ড্যাবের সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটি। একই সঙ্গে তাঁকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল গণমাধ্যমকে এ তথ্য জানান।
ড্যাব মহাসচিব বলেন, ডা. জাহিদ হাসান রিপককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হবে জানিয়ে ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, এখন পর্যন্ত একজনের নামই সামনে এসেছে। তিনি একা ছিলেন, নাকি তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন, তা তদন্ত করে দেখা হবে। আপাতত ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মারধর করার অভিযোগ ওঠে ড্যাবের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পর সংগঠনটির এক নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।