দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা গেলে দেশে ও বিদেশে থাকা সব বাংলাদেশিই তার সুফল ভোগ করবেন।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে নিউ ওতানি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানের শ্রমবাজারে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ভেতরে কিংবা বিদেশে—যেখানেই থাকুন না কেন, প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করা উচিত।
শিক্ষা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ইংরেজির পাশাপাশি জাপানি, জার্মান, ফরাসিসহ কয়েকটি বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী বছর থেকে স্কুলগুলোতে এসব ভাষা শেখানোর কার্যক্রম শুরু করার প্রত্যাশা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
স্বাস্থ্যসেবা উন্নয়নের পরিকল্পনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫০ করার পরিকল্পনা রয়েছে। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সুবিধা চালু এবং নারী ও শিশুদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হবে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা গেলে উন্নত চিকিৎসার জন্য গ্রামের মানুষকে জেলা বা বিভাগীয় শহরে ছুটতে হবে না। এতে বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপও কমবে।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। প্রস্তাবিত নিয়োগে অন্তত ৮০ শতাংশ নারী রাখার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি গিয়ে পুষ্টি, স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং ডায়াবেটিস, হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবেন।
জাপানের শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর আগে তাঁদের যথাযথ প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা এবং দেশটির সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে জাপানে কর্মরত বাংলাদেশিদের দক্ষতা ও কাজের উপযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
জাপানি ভাষায় দক্ষ প্রবাসীদের দেশে কাজে লাগানোর বিষয়ে তারেক রহমান বলেন, এ বিষয়ে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয় অথবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বসবাস করলেও তাঁরা বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষ জনশক্তি তৈরিতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে।
জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনটির নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।