গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মকবুল হোসেনের সাথে প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ স্বজনদের। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁদেরও বেধড়ক মারধর করা হয়। হামলায় আহত কয়েকজনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ নারীসহ ১৬ জনকে গ্রেফতার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত লাঠিসোঁটা, ধারালো ছোরা ও সাবল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মো. নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), মোছা. খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) এবং শাবানা খাতুন (২২)।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।