জাতীয়

ঢাকায় দুই দিনব্যাপী সোলার এক্সপো শুরু মঙ্গলবার

দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে আগামী ৩ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ ও ৪ নভেম্বর এ প্রদর্শনীর আয়োজন করছে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল)।

৩ নভেম্বর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখবেন।

রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন এবং বিনিয়োগ বাড়াতে ইতোমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে সরকার ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করেছে।

এ ছাড়া ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কেনার বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব বিনিয়োগ ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে অপারেশনাল এক্সপেনডিচার (ওপেক্স) মডেল উৎসাহিত করা হচ্ছে।

সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির প্রসারে সংশ্লিষ্ট পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের মূল্য সংযোজন কর (মূসক) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোর মূল লক্ষ্য সৌরপ্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবন তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানো।

এক্সপোতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি ও উন্নত ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ আধুনিক সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদর্শন করা হবে। পাশাপাশি প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ ও কারিগরি সহায়তা দিতে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম তুলে ধরবে।

দুই দিনের এ আয়োজনে সৌরবিদ্যুৎ খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চারটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশ’স সোলার রেভল্যুশন’ শীর্ষক মূল আলোচনার আওতায় সেমিনারগুলোতে জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুতের সম্প্রসারণ, সরকারি খাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার, আবাসিক ও শিল্প খাতে সৌরবিদ্যুতের প্রয়োগ এবং বেসরকারি বিনিয়োগ ও কার্বন রাজস্বের মাধ্যমে অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে।

সেমিনারগুলোতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচক হিসেবে অংশ নেবেন। এ ছাড়া সৌরবিদ্যুৎ খাতের সেবাদানকারীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন পর্বেরও আয়োজন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...