যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ ও প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকার জন্য স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।
রোববার (১ নভেম্বর) সকালে লালমনিরহাটে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম বাধা মাদক ও জুয়া। তরুণদের মধ্যে এসবের আসক্তি বেশি দেখা যায়। যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি তরুণদের খেলাধুলায় মনোযোগী করে তুলতে পারলে তারা জুয়া ও মাদকের মতো অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এতে সুন্দর সমাজ গঠন সহজ হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম।
এ সময় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডা. মো. আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরেফিন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।