বাংলাদেশসহ অন্য কোনো দেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সরাসরি ভূমিকা রাখতে পারবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। তবে বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে চাইলে ইরানের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত নিরাপদ পথ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি জানান, যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত পারস্য উপসাগরে অন্য কোনো দেশের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে বাংলাদেশের কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যেতে চাইলে আগে ইরানকে অবহিত করতে হবে এবং দেশটির নির্ধারিত নিরাপদ পথ অনুসরণ করতে হবে। এ দুটি শর্ত মানা হলে ইরানের পক্ষ থেকে কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও মাইন বিস্ফোরণের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা অস্বীকার করেন রাষ্ট্রদূত। তাঁর দাবি, ইরানের নির্ধারিত পথের বাইরে চলাচলকারী জাহাজগুলোই হামলা বা মাইন বিস্ফোরণের শিকার হচ্ছে। বাংলাদেশের কোনো জ্বালানিবাহী জাহাজ ওই পথ ব্যবহার করেছে কি না, সে বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করতে চান না বলেও জানান তিনি।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অর্থায়ন বা আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে রাষ্ট্রদূত বলেন, হুতিদের পাশাপাশি হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন করে ইরান। তাঁর ভাষায়, এসব গোষ্ঠীকে ইরানের সমর্থন রাজনৈতিক, আধ্যাত্মিক ও আর্থিক।
হুতি ও সৌদি আরবের সংঘাত প্রসঙ্গে জলিল রাহিমি জাহানাবাদী বলেন, ইয়েমেনে সৌদি আরবের হস্তক্ষেপ ভুল ছিল। তবে হুতিদের সঙ্গে ইসলামি দেশগুলোর সংঘাত চায় না ইরান। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করতেও তেহরান প্রস্তুত। তবে এ জন্য ইয়েমেনের জনগণের ওপর থেকে সৌদি অবরোধ তুলে নেওয়ার শর্ত দেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রাষ্ট্রদূত। এমন হামলা হলে ইরান কঠোর ও আনুপাতিক জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ইরান আলোচনায় বিশ্বাসী, তবে নতুন যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে। বাংলাদেশের অবস্থানকে ভ্রাতৃসুলভ ও বিচক্ষণ উল্লেখ করে রাষ্ট্রদূত দাবি করেন, বাংলাদেশের সরকার ইরানকে রাজনৈতিক ও বস্তুগত সমর্থন দিয়েছে। এ জন্য বাংলাদেশের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।