দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বেত্রাঘাতে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তারের ডান হাত গুরুতর আহত হয়ে স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পাঁচ মাস পেরিয়ে গেলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় অভিযুক্ত শিক্ষিকার শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ছাইদুর রহমান। পরে ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্য ও শিক্ষার্থীরাও অভিযুক্ত শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে ছাইদুর রহমান অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা আখতার প্রায়ই শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দিতেন। একপর্যায়ে তাঁর স্টিলের বেতের আঘাতে আমার মেয়ে সুমাইয়ার ডান হাত গুরুতর আহত হয়। পরে হাতটি ফুলে যায় এবং স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।
তিনি আরও বলেন, গত পাঁচ মাস ধরে সুমাইয়া কলম ধরতে ও লিখতে পারছে না। এমনকি নিজের হাতে খাবার খাওয়া এবং জামাকাপড় পরার মতো স্বাভাবিক কাজও করতে পারছে না। বর্তমানে সে একজন অর্থোপেডিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার হাত পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, সুমাইয়ার ঘটনার প্রায় দুই মাস পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একই শিক্ষিকার বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের টেবিলের নিচে মাথা ঢুকিয়ে পেছনের অংশে বেত্রাঘাতের অভিযোগ ওঠে। এ সময় সানজিদা নামের এক ছাত্রী অসুস্থ হয়ে কয়েকবার বমি করে।
এদিকে সংবাদ সম্মেলনের পর ঘোড়াঘাট সরকারি কলেজের রোভার স্কাউট দলের সদস্যরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদ আশ্রয়স্থল। সেখানে শিক্ষকের হাতে শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশুর স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ ওঠার পরও বিষয়টির যথাযথ নিষ্পত্তি হওয়া জরুরি।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে সহকারী শিক্ষিকা সেলিনা আখতারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছুই বলার নেই। আমি এ স্কুলে ২০ বছর ধরে আছি। এতদিনেও কেউ কোনো অভিযোগ করেনি। আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হয়েছে, তা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, “ঘটনাটি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রায় দুই মাস আগে লিখিত অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কাগজপত্র জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে।”
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।