নওগাঁর মহাদেবপুরে মজাপুকুর সংস্কারের সময় একটি বিরল পাথরের রাধাগোবিন্দ মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর উত্তরপাড়া জাদনের মোড় এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু বলেন, ওই গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে ইটভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম তার একটি মজাপুকুর সংস্কার করছিলেন। শ্রমিকরা ভেক্যু মেশিন দিয়ে মাটি কাটার সময় ভেক্যুর হাতলের সাথে মূর্তিটি উঠে আসে।
বিষয়টি চেয়ারম্যানকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশে খবর দেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি নতুন রঙ করা। ওজন সাত কেজি সাতশ’ গ্রাম। এটি কষ্টি পাথরের মত। পরীক্ষার পর জানা যাবে কষ্টি পাথরের কিনা। তিনি বলেন, ঝামেলা এড়াতে কেউ এটি পুকুরে ফেলে দিতে পারে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাপ্ত মূর্তিটির একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোন জাদুঘরে মূর্তিটি প্রদান করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।