ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা উপসর্গে তিন রেড ক্রস স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মরদেহ দাফন ও ব্যবস্থাপনার সময় ভাইরাসে সংক্রমিত হয়ে এ মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, “তারা ‘সাহস ও মানবিকতার সঙ্গে’ নিজ সম্প্রদায়ের সেবা করতে গিয়ে মারা গেছেন।”
দেশটিতে নতুন করে ছড়িয়ে পড়া এই ইবোলা প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।
রেড ক্রসের বরাতে বিবিসি জানায়, নিহত তিন স্বেচ্ছাসেবক হলেন—আলিকানা উদুমুসি অগাস্টিন, সেজাবো কাতানাবো এবং আজিকো চান্দিরু ভিভিয়েন।
তারা ইবোলার প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের মংওয়ালু শহরে কাজ করছিলেন।
ধারণা করা হচ্ছে, প্রাদুর্ভাবটি আনুষ্ঠানিকভাবে চিহ্নিত হওয়ার আগে গত ২৭ মার্চ অন্য একটি প্রকল্পের আওতায় লাশ দাফনের কাজ করার সময় তারা অসচেতনভাবে সংক্রমিত হন। পরবর্তীতে ৫ থেকে ১৬ মে-এর মধ্যে তাদের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইবোলা রোগীর মৃত্যুর পরও তাদের শরীরের তরল পদার্থ অত্যন্ত সংক্রামক থাকে, যা থেকে এই তিন স্বেচ্ছাসেবক আক্রান্ত হয়েছেন।
চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, কঙ্গোতে এবারের প্রাদুর্ভাবটি ঘটেছে ইবোলার একটি বিরল প্রজাতি ‘বুন্দিবুগিও’-র মাধ্যমে। এই প্রজাতির কোনো প্রমাণিত বা স্বীকৃত ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি এবং এতে আক্রান্তদের অন্তত এক-তৃতীয়াংশেরই মৃত্যু ঘটে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে এই ভাইরাসের গণস্বাস্থ্য ঝুঁকির তীব্রতার স্তর বৃদ্ধি করেছে। ডব্লিউএইচও প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, বিশ্বজুড়ে এর ঝুঁকি কম থাকলেও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে এই ঝুঁকি অত্যন্ত বেশি।
প্রতিবেশী দেশ উগান্ডায় নতুন করে ৩ জন ইবোলা রোগী শনাক্ত হওয়ায় সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
আফ্রিকান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (আফ্রিকা সিডিসি) এই প্রাদুর্ভাবের কারণে মহাদেশটির আরো ১০টি দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সতর্ক করেছে। দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র (ব্রাজাভিল), ইথিওপিয়া, কেনিয়া, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, তানজানিয়া এবং জাম্বিয়া।
ভাইরাসের আন্তঃসীমান্ত বিস্তার রোধে ডিআর কঙ্গো সরকার ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়ার সঙ্গে সব প্রকার বাণিজ্যিক ও বেসরকারি ফ্লাইট চলাচল স্থগিত করেছে। মানবিক, চিকিৎসাসেবা বা জরুরি ফ্লাইটগুলো কেবল বিশেষ অনুমতি সাপেক্ষে পরিচালনার সুযোগ পাবে।
এদিকে, ইবোলা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ইতুনিতে ইবোলা সন্দেহে মৃত এক যুবকের মরদেহ তার পরিবারকে ঐতিহ্যগত দাফনের জন্য নিতে না দেওয়ায় ক্ষুব্ধ জনতা একটি হাসপাতালের একাংশে আগুন ধরিয়ে দেয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।