কুড়িগ্রামে একটি গ্রামীণ সেতু ভেঙে ট্রলি নিচে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।
রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছয়জন ব্যক্তি সেতুর ওপর দিয়ে ট্রলিতে করে যাওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে ট্রলিটি নিচে পড়ে গেলে যাত্রীরা আহত হন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, সেতু ভেঙে ট্রলি ও মানুষ নিচে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
তবে এর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।
আরো পড়ুন
পাঁচগাছী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শামছুল ইসলাম বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এই সেতু দিয়ে পাঁচগাছী ও বেগমগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মানুষ চলাচল করতেন।
বর্তমানে সেতুটি ভেঙে যাওয়ায় ওই পথে যান চলাচল বন্ধ রয়েছে। এতে স্থানীয়রা দুর্ভোগে পড়েছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।