রংপুর বিভাগ

রাণীশংকৈলে ফেসবুক লাইভে ক্ষমা চেয়ে, রাণীশংকৈলে ইউপি সদস্যের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গ্যাস ট্যাবলেট সেবনের পর মৃত্যু হয়েছে। ফেসবুক লাইভে এসে সবার কাছে ক্ষমা চাওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন বলে স্থানীয়দের দাবি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুলা রাম (৩৯) ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রথম স্ত্রী ও সন্তান থাকা অবস্থায় পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন তুলা রাম। এরপর থেকে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজন ও স্থানীয়দের দাবি।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে তুলা রাম ফেসবুক লাইভে এসে আবেগঘন বক্তব্য দেন এবং নিজের ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চান। লাইভ শেষে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে দাবি করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ইউপি সদস্য তুলা রামের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel