গাইবান্ধার ফুলছড়িতে কৃষকদের জন্য সারের সঠিক সরবরাহ ও নির্ধারিত মূল্য নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মাঠপর্যায়ে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়া, অতিরিক্ত দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়ম ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, সারের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে। পাশাপাশি সার ডিলার ও খুচরা বিক্রেতাদের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হচ্ছে।
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ বলেন, উপজেলার বিভিন্ন চরাঞ্চলের অনেক কৃষক আগাম ভুট্টা ও মরিচ চাষের প্রস্তুতি হিসেবে প্রয়োজনের তুলনায় আগে থেকেই সার কিনে রাখছেন। এতে পরবর্তী সময়ে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজনের আগে অতিরিক্ত সার কিনে মজুত না করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে।
গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। কেউ বেশি দামে সার বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন দলে ভাগ করে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। তারা বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে সার সরবরাহ, বিক্রি ও ব্যবহার পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।