জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে প্রবেশের ইউজার আইডি ও পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানে পাওয়া যাচ্ছে—এমন তথ্যের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। সার্ভারের গোপন প্রবেশতথ্য অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে বলে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানান।
ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনসংক্রান্ত কার্যক্রমে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারির কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এনআইডি সার্ভারে প্রবেশের তথ্য অন্যের হাতে চলে গেলে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা এবং এর অপব্যবহার ঠেকাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ইসি।
একই চিঠিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) বা মানসম্মত কার্যপদ্ধতি পুনরায় সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে বলেছেন ইসি সচিব।
তবে ফটোকপির দোকানগুলোতে কীভাবে এনআইডি সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড পৌঁছেছে, কতজন কর্মকর্তা এ ঘটনায় জড়িত কিংবা এ বিষয়ে কোনো তদন্ত শুরু হয়েছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।