হিমালয়কন্যাখ্যাত পঞ্চগড়ে ক্রমেই কমছে তাপমাত্রা। বিশেষ করে সন্ধ্যা, রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় দেখা দিচ্ছে কুয়াশা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এর আগের দিন পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানান, ভোরে সূর্য ওঠার পর দিনভর প্রখর রোদ থাকায় শীতের অনুভূতি কম থাকে। তবে সন্ধ্যা নামার পর তাপমাত্রা কমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা ও কুয়াশার প্রভাবও বাড়ে। ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় শীতল আবহাওয়া বিরাজ করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হলেও রাতে ও ভোরে ঠাণ্ডা লাগছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমে শীতের অনুভূতি বাড়তে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।