দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রী চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনায় দিনের বেলায় ট্রেন দুটির যাত্রাবিরতির এ অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবির পর এমন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন হিলিবাসী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হিলি রেলওয়ে স্টেশন এলাকা থেকে এ উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি স্থলবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। গত বুধবার (২৮ অক্টোবর) তারিখে জারি করা ওই চিঠিতে বলা হয়েছে, যাত্রী চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনায় হিলি রেলওয়ে স্টেশনে দিনের বেলায় আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন মিলেছে।
আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
বক্তারা বলেন, হিলিতে দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর থাকলেও ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে। ট্রেন দুটির যাত্রাবিরতির অনুমোদন যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও স্থানীয় মানুষের যাতায়াত সহজ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে হিলি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলন করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। এ আন্দোলনের সঙ্গে যুক্ত মো. হান্নান বলেন, ‘বেশ কিছুদিন ধরেই হিলি স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়াসহ মানববন্ধন করে আসছিলাম। গতকালের এই চিঠি পেয়ে হিলিবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো।’
হাকিমপুর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বলেন, ‘হিলিতে দেশের একটি বৃহত্তর স্থলবন্দর রয়েছে। এখানে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতির খুবই দরকার ছিল। বুধবার দিনের বেলায় আন্তঃনগর দুটি ট্রেন দাঁড়ানোর চিঠি দেখেছি। এটা হিলিবাসীর জন্য আনন্দের খবর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি, এটি দ্রুত বাস্তবায়ন করা হোক।’
হিলি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে এ স্টেশনে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, খুলনাগামী খুলনা মেইল এবং রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের যাত্রাবিরতির অনুমতি রয়েছে। হিলি রেলওয়ে স্টেশনের মাস্টার জয়ন্ত চক্রবর্তী বলেন, ‘আমাদের হাতে এখনো চিঠি এসে পৌঁছায়নি। কবে নাগাদ ট্রেন দাঁড়ানো শুরু হবে, এসব বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। আশা করছি, কয়েক দিনের মধ্যে চিঠি হাতে পেয়ে যাব।’
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।