রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলা বসানোকে কেন্দ্র করে আজও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে স্টল ভাঙচুর করেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদের আন্দোলনের অংশ হিসেবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা জড়ো হচ্ছে। অন্যদিকে বাণিজ্য মেলার মাঠের পূর্ব কোনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা ক্যাম্পাসে জড়ো হচ্ছে জানতে পেরেছি। আমরাও এখানে আছি।
সরেজমিনে দেখা গেছে, বাণিজ্য মেলার মাঠে বসানো স্টলগুলো ভাঙচুর করছেন শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচি সফল করতে তারা ট্রাক্টরও নিয়ে এসেছেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুই থেকে তিনশত ছাত্র মেলার মাঠে এসে জড়ো হয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের একটি পিকআপে মাইক লাগিয়ে হলের ছাত্রদের আন্দোলনে শরিক হওয়ার জন্য আহ্বানও জানাচ্ছেন।
সেখানে থাকা গোয়েন্দা বাহিনীর একজন সদস্য জানান, মাইকে ঘোষণা দেওয়া হয়েছে যে, আজ তারা মাঠের কোনো স্থাপনা রাখবে না। পাশাপাশি এ সময় তাদের মাঝে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে এই আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের কর্মীরা ইন্ধন দিচ্ছে কিনা সেই বিষয়টি তারা ইতোমধ্যে নজরে নিয়েছেন।
দুপুর ১২টায় মাঠে দুটি জমি চাষের ট্রাক্টর ও একটি পিকআপ প্রবেশ করতে দেখা গেছে। এ সময় পিকআপে লাগানো মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, অ্যাকশন টু অ্যাকশন, আজকের অ্যাকশন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।