স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন দায়িত্বভার গ্রহণ করেন। এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মো. ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও পদে দক্ষতা, পেশাদারত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের বাইরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি।
শিক্ষাজীবনে মো. ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে নতুন কর্মজীবন শুরু করলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর আয়োজিত প্রথম স্বাগত দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন নতুন মহাপরিচালক। এ সময় তিনি জনকল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
একই সঙ্গে বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সেসকে একটি আদর্শ ও দৃষ্টান্তমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বাহিনীর প্রতিটি স্তরের সদস্যকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।